| বঙ্গাব্দ
ad728
ad728

রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবি

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 21-10-2026 ইং
  • 122 বার পঠিত
রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবি
ছবির ক্যাপশন: ফাইল ফটো


মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজদিঘীসহ মহানগরীর সব খাস পুকুর দখল ও দূষণমুক্ত করে সংস্কার, সৌন্দর্যায়ন এবং টেকসই উন্নয়নের দাবি উঠেছে। জলাশয় সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে রাজদিঘীর পাড়ে সচেতনতামূলক সমাবেশ, ডাস্টবিন স্থাপন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ‘ভাওয়াল রাজদিঘী সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন’।

বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় রাজদিঘীর পাড়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী জলাশয়গুলো রক্ষা এবং সরকারি খাস পুকুর পুনরুদ্ধারে প্রশাসন ও সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনির সভাপতিত্বে এবং সদস্যসচিব অধ্যাপক মো. রফিকুল ইসলাম আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হাফিজুল্লাহ দর্জি, সিরাজুল হক খোকা, মো. শাহাদাত হোসেন, মো. তাজুল ইসলাম, মিজানুর রহমান, মো. জাহিদ শেখ, ইঞ্জিনিয়ার মো. মাসুম বিল্লাহ, মো. আসিফুজ্জামান, মাশরুর আরেফিন রাতুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেন রনি বলেন, শতবর্ষী ভাওয়াল রাজদিঘী সংস্কার ও সৌন্দর্যবর্ধনে গাজীপুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ প্রশংসনীয়। তবে শুধু রাজদিঘী নয়, মহানগরীর অন্যান্য খাস পুকুরও দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণ করতে হবে। এসব জলাশয় পুনরুদ্ধার ও সংস্কার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি রাজদিঘীর পানি ও পাড়ে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার পাশাপাশি জলাশয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

সদস্যসচিব অধ্যাপক মো. রফিকুল ইসলাম আলম বলেন, নগরীর জলাশয় সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি মহানগরীর সব খাস পুকুর পুনরুদ্ধার, বর্জ্যমুক্তকরণ এবং পরিকল্পিত ও টেকসই উন্নয়নের দাবি জানান।

সমাবেশে কাজী আজিম উদ্দিন কলেজসংলগ্ন পুকুরটি দ্রুত সংস্কার করে এর চারপাশে ওয়াকওয়ে নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, পুকুরটি সংস্কার ও সৌন্দর্যায়ন করা হলে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি টাংকির পাড় পুকুর, মুন্সিপাড়া পুকুর, গাজীপুর ক্লাবসংলগ্ন পুকুরসহ মহানগরীর অন্যান্য খাস পুকুরও পর্যায়ক্রমে পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন করতে হবে।

বক্তারা আরও বলেন, জলাশয় সংরক্ষণ শুধু নগরের সৌন্দর্য বৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে পরিবেশের ভারসাম্য, ভূগর্ভস্থ পানির স্তর এবং জনস্বাস্থ্য সরাসরি জড়িত। জলাশয় পরিচ্ছন্ন রাখা ও মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।

তাঁরা বলেন, পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। দখল ও দূষণমুক্ত পুকুর, পরিচ্ছন্ন পরিবেশ এবং জনসাধারণের চলাচল ও অবসরযাপনের উপযোগী স্থান গড়ে তোলার মাধ্যমে গাজীপুরকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, ঐতিহ্যবাহী ভাওয়াল রাজদিঘী থেকে শুরু করে মহানগরীর প্রতিটি খাস পুকুর রক্ষা, পুনরুদ্ধার ও সংস্কারে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে গাজীপুরের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা