| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 04-09-2026 ইং
  • 109 বার পঠিত
গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
ছবির ক্যাপশন: সংগ্রহীত ফটো

মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ এমপি বলেন, ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী গত ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার পেয়েছে। সর্বস্তরে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা নিবেদিত। এসব লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, সহযোদ্ধাদের রক্ত ও অগণিত মানুষের প্রাণের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের এমনভাবে কাজ করতে হবে, যাতে আমাদের আচরণে কোনোভাবেই স্বৈরাচারী ও জুলুমের পুনরাবৃত্তি না ঘটে।

গাজীপুরকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার নির্যাতন-নিপীড়নের শাসন চালিয়েছে। আমরা গাজীপুরকে এমন একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কোনো বৈষম্য, সন্ত্রাস বা চাঁদাবাজি থাকবে না। যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করতে গাজীপুর জেলা বিএনপির নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ব্যক্তিস্বার্থে দলে সুযোগসন্ধানীদের ভেড়ানোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “বিএনপি মূলধারার জনগণের দল, আর জনগণই এর প্রধান শক্তি। স্বৈরাচারী শাসনামলে সীমাহীন অত্যাচার সহ্য করেও নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ ছিল। বর্তমানে কোনো ভাড়াটিয়া বা সুবিধাবাদীর বিএনপির পতাকাতলে প্রয়োজন নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, মজিবুর রহমান এমপি, ওমর ফারুক সাফিন ও শাহ রিয়াজুল হান্নানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” দর্শনে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা