| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 12-09-2026 ইং
  • 136 বার পঠিত
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
ছবির ক্যাপশন: গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

গাজীপুর মহানগর প্রতিনিধি, বিল্লাল হোসেন :

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর পরপরই গাজীপুর মহানগরীর শ্মশানমন্দির মোড় এলাকায় স্থানীয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে ব্যাপক পরিসরে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, সিভিল সার্জন মামুনুর রশিদ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়া।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কাউট, বিএনসিসি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

তাদের নেতৃত্বে মহানগরীর শ্মশানমন্দির, শ্মশান মোড়, রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশ নেন।

অভিযানে রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, আগামী তিন মাসের মধ্যে জেলার আনাচে-কানাচে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, কোথাও অপরিচ্ছন্নতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, শুধু এডিস মশার প্রজননস্থল ধ্বংস করলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জিএমপির সব ইউনিট এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ড ও ৮টি জোনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিস মশা কোথায় এবং কীভাবে জন্মায়, সে বিষয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি লার্ভা নিধনে স্প্রে ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হচ্ছে। সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধ ও সুন্দর-বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা